নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে জয় পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১১ রানের ব্যবধানে হেরে গেছে।
ব্যাট হাতে আগে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ওভারে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বাংলাদেশের মেয়েরা লক্ষ্য ছোঁয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১৩২ রানেই তাদের ইনিংস থেমে যায়।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার। এরপর জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার দায়িত্বশীল ব্যাটিং করে দলকে কিছুটা এগিয়ে নেন।
জুয়াইরিয়া ৩৮ বলে ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। অন্যদিকে শারমিন ২৭ রান যোগ করেন। তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর মধ্যক্রমে কেউ বড় ইনিংস খেলতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ১৯ এবং স্বর্ণা আক্তার ১২ রান করলেও জয় নিশ্চিত করতে পারেননি।
এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতে বোলাররা দারুণ নিয়ন্ত্রণ দেখিয়ে আইরিশদের দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দেন। অ্যামি হান্টার ১৯ রান করেন, আর আলানা ডালজেল কোনো রান না করেই আউট হন।
মধ্যভাগে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে রেবেকা স্টোকেলের ব্যাট থেকে। শেষ দিকে আভা ক্যানিন মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে দলের স্কোরকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যান। আয়ারল্যান্ডের আর কোনো ব্যাটার ২০ রানের বেশি করতে পারেননি।
শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্য থেকে ১১ রান দূরে থেমে যায় বাংলাদেশের ইনিংস এবং প্রস্তুতি ম্যাচে জয় তুলে নেয় আয়ারল্যান্ড।
এসআর