ডিভোর্স সংক্রান্ত জালিয়াতি ও পরকীয়া প্রতিরোধে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে চলমান মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পুরুষ অধিকারবিষয়ক সংগঠন ‘এইড ফর মেন ফাউন্ডেশন’।
সোমবার (৮ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মামলাটির তদন্তে যেসব তথ্য ও নথিপত্র উপস্থাপন করা হয়েছে, সেগুলোর ভিত্তিতে আদালত ন্যায়সঙ্গত রায় দেবেন বলে তারা প্রত্যাশা করেন।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় অন্যত্র বিবাহ, জাল নথি তৈরি ও প্রতারণার অভিযোগ সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
বক্তারা আরও অভিযোগ করেন, মামলার রায় ঘোষণার আগেই আসামিপক্ষের আইনজীবীর পক্ষ থেকে সম্ভাব্য খালাসের বিষয়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের মতে, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত।
মানববন্ধনে বক্তারা আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মামলার বিভিন্ন পর্যায়ে বৈবাহিক সম্পর্ক, তালাক নোটিশ এবং সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে প্রশ্ন উঠেছে।
এসব বিষয়ে তদন্ত প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, আদালত তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দেবেন বলে তারা আশা প্রকাশ করেন।
সংগঠনের নেতারা বলেন, দেশের বহু প্রবাসী পরিবার বৈবাহিক জটিলতা ও পারিবারিক বিরোধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ডিভোর্স ও পারিবারিক বিরোধসংক্রান্ত আইন আরও কার্যকরভাবে প্রয়োগের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আইনের চোখে সবাই সমান—এই নীতির ভিত্তিতে মামলার রায় হওয়া উচিত। একই সঙ্গে সমাজে প্রতারণা, জালিয়াতি ও পারিবারিক অবক্ষয় রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে সংগঠনটির পক্ষ থেকে নাগরিক সমাজ, গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে।
এসআর