[email protected] সোমবার, ১ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের আগে ব্রাজিলের গোলবন্যা, পানামাকে উড়িয়ে দিল ৬-২ গোলে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১ জুন ২০২৬ ৫:১৩ পিএম

মারাকানায় বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্যের ঝলক দেখাল ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল পানামাকে ৬-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী এক জয় তুলে নিয়েছে। গোলের সঙ্গে অ্যাসিস্টও করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরো, লুকাস পাকেতা ও ইগর থিয়াগো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বক্সের বাইরে থেকে নেওয়া ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত শট জড়িয়ে যায় জালের ওপরের কোণে।

তবে ১৫ মিনিটে সমতায় ফেরে পানামা। আমির মুরিলোর ফ্রি-কিক থেকে আসা বলে আত্মঘাতী গোল করেন মাতেউস কুনিয়া। তাতে কিছু সময়ের জন্য ম্যাচে ফেরে মধ্য আমেরিকার দলটি।

কিন্তু বিরতির আগেই আবারও লিড নেয় ব্রাজিল। ভিনিসিয়ুসের দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করেন কাসেমিরো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্রুতই বাড়িয়ে নেয় ব্রাজিল। ৫৩ মিনিটে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন রায়ান। গোলরক্ষক অরল্যান্ডো মস্কুয়েরাকে চাপে ফেলেন ইগর থিয়াগো, সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান তরুণ ফরোয়ার্ড।

এরপর একের পর এক আক্রমণে পানামার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে সেলেসাওরা। লুকাস পাকেতার শট জোসে কর্দোবার গায়ে লেগে জালে জড়ালে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। পরে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান ইগর থিয়াগো।

ম্যাচের শেষ দিকে দানিলো ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন। আর শেষ মুহূর্তে দূরপাল্লার দুর্দান্ত এক শটে পানামার হয়ে ব্যবধান কমান কার্লোস হার্ভে। তবে তাতে বড় পরাজয় এড়ানো সম্ভব হয়নি তাদের।

পরিসংখ্যানেও ছিল ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য। ম্যাচে গোল ও অ্যাসিস্ট—দুই বিভাগেই অবদান রেখেছেন ভিনিসিয়ুস, কাসেমিরো, পাকেতা ও থিয়াগো। বিশেষ করে পাকেতা ছিলেন মাঝমাঠের প্রাণভোমরা। তিনি ম্যাচে সর্বোচ্চ চারটি সুযোগ তৈরি করেছেন এবং ৪২টি পাসের মধ্যে ৪০টি সফল করেছেন।

সাম্প্রতিক কয়েকটি প্রীতি ম্যাচে ধারাবাহিকতা খুঁজে না পাওয়া ব্রাজিলের জন্য এই জয় বড় স্বস্তির। বিশ্বকাপের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে তারা। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে পানামার বিপক্ষে এই দাপুটে জয় নিশ্চয়ই বাড়িয়ে দেবে ব্রাজিলের আত্মবিশ্বাস।

 

এসআর

সম্পর্কিত খবর