সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে নেপাল কিংবা ভারতের মতো শক্তিশালী দলকে পাওয়ার সম্ভাবনা নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। বরং তার মতে, শিরোপা জিততে হলে সেরা দলগুলোকেই হারাতে হবে।
প্রতিপক্ষ নিয়ে আলোচনা করতে গিয়ে বাটলার বলেন, “আপনি নেপাল না ভারতের সঙ্গে খেলছেন, সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো আপনি সেমিফাইনালে আছেন। আমি প্রতিটি ম্যাচকে আলাদাভাবে দেখি। কোনো দলকেই ভয় পাই না। বরং শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পছন্দ করি, কারণ সেখানেই দলের প্রকৃত সামর্থ্যের পরীক্ষা হয়।”
বাংলাদেশের কোচ আরও বলেন, “টুর্নামেন্ট জিততে হলে কোনো না কোনো পর্যায়ে সেরা দলগুলোর মুখোমুখি হতেই হবে। তাই প্রতিপক্ষ নিয়ে ভাবার চেয়ে নিজেদের প্রস্তুতি ও পারফরম্যান্সের দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।”
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। সেই লক্ষ্য পূরণে দলের খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন বাটলার। তার বিশ্বাস, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফরম্যান্সই দলকে আরও শক্তিশালী করে তুলবে।
সাফের নকআউট পর্ব যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার মাত্রা। তবে প্রতিপক্ষ যেই হোক না কেন, বাংলাদেশের লক্ষ্য একটাই—মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে আরেকটি শিরোপার পথে এগিয়ে যাওয়া।
এসআর