বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেডকোচ নিয়োগ ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) চরম সমন্বয়হীনতার ইঙ্গিত মিলছে। নতুন কোচ ডুলির চুক্তির মেয়াদ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাফুফে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের বক্তব্যে দেখা দিয়েছে স্পষ্ট অসঙ্গতি। ফলে পুরো বিষয়টি ঘিরে ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে ধোঁয়াশা ও অস্বস্তি।
এর আগে বাফুফে সূত্রে জানা গিয়েছিল, নতুন কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করার পরিকল্পনা রয়েছে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাম্প্রতিক বক্তব্যে সেই ধারণার সঙ্গে তৈরি হয়েছে সাংঘর্ষিক পরিস্থিতি।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “বাংলাদেশে যে কোচটি এসেছে, আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে দেখছি, তাকে যাচাই-বাছাই করার পর বাফুফে সভাপতিকে বলা হয়েছে আপনারা কোচ খুঁজতে থাকেন। এর চেয়েও ভালো কোচ পেলে তাঁকে যেন দ্রুততম সময়ে আনা যায় কি না, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রতিমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, বর্তমান কোচকে দীর্ঘমেয়াদে বিবেচনা করা হচ্ছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভিন্ন সুরে কথা বলেছেন। সংবাদকর্মীদের কাছে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “কে ব্যক্তিগতভাবে কী করে তা আমি জানি না। আমি যতটুকু জানি যে আমি সাংবাদিকদের সঙ্গে বাফুফে ভবনে যে তথ্যগুলো শেয়ার করেছিলাম আর যে আপডেটগুলো দিয়েছিলাম, সেটাই সঠিক। তার বাইরে আমি অনুরোধ করছি যে নিজের মতো করে কোনো কিছু ধরে না নেওয়াই ভালো।”
সভাপতির বক্তব্যে বোঝা যায়, বাফুফের আনুষ্ঠানিক অবস্থান এখনো আগের ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ। তবে প্রতিমন্ত্রীর মন্তব্যের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেনও পুরো বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারেননি। তিনি বলেন, “এক ম্যাচের জন্য কোচ আনা হয়েছে কি না, আমার জানা নেই। যদ্দুর জানি, দু-এক দিনের মধ্যে কোচের সঙ্গে চুক্তি হওয়ার কথা।”
ফলে প্রশ্ন উঠছে—বর্তমান কোচ কি শুধুই পরীক্ষামূলক দায়িত্বে আছেন, নাকি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তাকে আনা হয়েছে? বাফুফের বিভিন্ন পর্যায়ের ভিন্ন ভিন্ন বক্তব্য সেই প্রশ্নকে আরও জোরালো করেছে।
বাংলাদেশ ফুটবলে হেডকোচ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা ও অনিশ্চয়তা। নতুন কোচ নিয়োগের বিষয়টিও এখন যেন রীতিমতো নাটকীয় মোড় নিচ্ছে। প্রতিদিনই নতুন বক্তব্য, নতুন ব্যাখ্যা এবং নতুন জল্পনা তৈরি হচ্ছে ফুটবল অঙ্গনে। এখন দেখার বিষয়, বাফুফে আনুষ্ঠানিকভাবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত জানায় এবং কোচ ডুলির ভবিষ্যৎ কোন দিকে গড়ায়।
এসআর