ইউরোপা লিগের ফাইনালের ওয়ার্ম-আপে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। চোট নিয়েই পুরো ম্যাচ খেলে ক্লাবকে ৩-০ গোলের জয় ও শিরোপা এনে দিলেও, এক্স-রে রিপোর্টে তার আঙুলে একটি ছোট ফ্র্যাকচার ধরা পড়েছে।
দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এই চোটের কারণে আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও মার্তিনেসকে প্রায় ২০ দিন মাঠের বাইরে থাকতে হবে, যার ফলে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে তার খেলা হচ্ছে না।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই দুটি প্রীতি ম্যাচ মিস করলেও ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেস ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেছেন, তিনি সারাজীবন এমন পরিস্থিতির মধ্য দিয়েই খেলেছেন।
আশা করা হচ্ছে, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ 'জে'-এর প্রথম ম্যাচের আগেই বর্তমান চ্যাম্পিয়ন দলের এই অন্যতম ভরসার প্রতীক পুরোপুরি ফিট হয়ে উঠবেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের এই গ্রুপটিতে আলজেরিয়া ছাড়াও আর্জেন্টিনার অপর দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
এসআর