ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়ন এবং একমাত্র দেশ হিসেবে সবকটি (২৩টি) আসরে খেলার রেকর্ড ব্রাজিলের থাকলেও, সবচেয়ে বেশিবার ফাইনাল খেলার
কৃতিত্ব জার্মানির। সেলেসাওরা সর্বাধিক ম্যাচ জয় ও গোলের রেকর্ডে এগিয়ে থাকলেও জার্মানরা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ খেলেছে রেকর্ড ৮ বার, যার মধ্যে তারা ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় এবং ১৯৬৬, ১৯৮২, ১৯৮৬ ও ২০০২ সালে রানার্সআপ হয়।
জার্মানির ঠিক পরেই ৭ বার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের, যারা ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জিতেছে এবং ১৯৫০ ও ১৯৯৮ সালের ফাইনালে পরাজিত হয়েছে। এছাড়া ইতালি ও আর্জেন্টিনা উভয় দলই ৬ বার করে ফাইনাল খেলেছে; এর মধ্যে ইতালি ৪ বার (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬) এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩ বার (১৯৭৮, ১৯৮৬, ২০২২) শিরোপার স্বাদ পেয়েছে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা ফ্রান্স মোট ৪ বার ফাইনাল খেলে ২ বার (১৯৯৮, ২০১৮) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
অন্যদিকে, নেদারল্যান্ডস ৩ বার ফাইনালে উঠলেও প্রতিবারই রানার্সআপ হয়ে মাঠ ছাড়ে এবং উরুগুয়ে ২ বার ফাইনাল খেলে দুটিতেই (১৯৩০, ১৯৫০) জয়লাভ করে শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রেখেছে। হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়া ২ বার করে ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি, আর ইংল্যান্ড (১৯৬৬) ও স্পেন (২০১০) তাদের একমাত্র ফাইনালেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ক্রোয়েশিয়া ও সুইডেন ১ বার করে ফাইনালে উঠলেও কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি।
এসআর