[email protected] শুক্রবার, ২৯ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা: একঝাঁক তরুণের সাথে ১৭ বিশ্বজয়ী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ মে ২০২৬ ৮:০৫ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

 আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই এই দলে আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন ইন্টার মায়ামির ৩৮ বছর বয়সী তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। এটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।

​কোচ লিওনেল স্কালোনি মূলত ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতানো মূল দলটির ওপরই আস্থা রেখেছেন। সেই স্কোয়াড থেকে এবারও দলে জায়গা ধরে রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ মোট ১৭ জন ফুটবলার। তবে নানা গুঞ্জন থাকলেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াকে দলে ফেরানো হয়নি। এছাড়া ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন গত বিশ্বকাপের লেফট ব্যাক মার্কোস আকুনা। অন্যদিকে ইনজুরির কারণে গত বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার দলে ফিরেছেন।

​অভিজ্ঞদের পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের হাল ধরতে স্কোয়াডে ডাক পেয়েছেন একঝাঁক তরুণ মুখ। এদের মধ্যে ভ্যালেন্টিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদার এটাই প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে 'জে' গ্রুপে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপের বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।

​আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড:

​গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

​ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

​মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লেয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস ও ভ্যালেন্টিন বার্কো।

​ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ ও হোসে ম্যানুয়েল লোপেজ।

এসআর

সম্পর্কিত খবর