[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান বীচ গেমস

নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক পুরস্কার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ২:৫৪ পিএম

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীরা ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। এশিয়ান বীচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে বাংলাদেশ নারী কাবাডি দল দেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছে। সেই অর্জনের স্বীকৃতি হিসেবে সরকার খেলোয়াড় ও কোচিং স্টাফদের আর্থিক পুরস্কারে সম্মানিত করেছে।

সদ্য সমাপ্ত এশিয়ান বীচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ নারী কাবাডি দলের সাফল্যের স্বীকৃতি দিয়েছে সরকার। আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনা এই অর্জনের জন্য দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এর পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ বিমানবাহিনীর ফ্যালকন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সফল নারী কাবাডি ও হকি দলের খেলোয়াড়দের হাতে সর্বমোট অর্ধ কোটি টাকার আর্থিক পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজের পতাকা উজ্জ্বল করায় নারী কাবাডি দলকে অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে আরও এগিয়ে নিতে সরকার তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যও দেন।

প্রতিমন্ত্রী বলেন, “নিজের খেলার সরঞ্জাম নিজে বহন ও যত্ন করলে সেটার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় এবং সেটি গুরুত্ববহ হয়ে ওঠে। আমি এখনো কোথাও খেলতে গেলে নিজেই নিজের বুট ও ব্যাগ বহন করি। খেলোয়াড়ি জীবনেও অনুশীলন বা খেলা শেষে নিজেই বুট পরিষ্কার করতাম।”

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাংলাদেশ নারী কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক সরকারের এই স্বীকৃতির জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সম্মাননা ও আর্থিক পুরস্কার খেলোয়াড়দের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকাকে আরও উঁচিয়ে ধরতে পুরো দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ অনুষ্ঠানে উপস্থিত থেকে নারী কাবাডি দলের খেলোয়াড়দের উৎসাহিত করেন।

এদিকে অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, সরকারের পক্ষ থেকে এমন তাৎক্ষণিক আর্থিক প্রণোদনা নারী কাবাডির খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও বড় সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এসআর

সম্পর্কিত খবর