সারাদিনের ব্যস্ততা, কর্মব্যস্ততা আর পারিবারিক নানা দায়িত্বের ভিড়ে অনেক সময় একান্ত মনে,\
প্রশান্তচিত্তে আল্লাহর স্মরণ করা হয়ে ওঠে না। অথচ রাতের শেষভাগে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, কোলাহল থেমে যায় আর মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে—ঠিক তখনই শুরু হয় এক ভিন্ন আবহ। সেই নীরব মুহূর্তে ঘুম ভেঙে রবের সামনে দাঁড়ানো, অশ্রুসিক্ত চোখে ক্ষমা প্রার্থনা করা আর মনের না বলা কথাগুলো নিঃসংকোচে নিবেদন করার সুযোগ পান একজন মুমিন।
রাতের এই নির্জন প্রহরটাই তাহাজ্জুদ নামাজের সবচেয়ে উপযুক্ত ও মহিমান্বিত সময়। এটি কেবল একটি অতিরিক্ত নফল নামাজ নয়; বরং আত্মশুদ্ধি অর্জন, আল্লাহর নৈকট্য লাভ এবং রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের এক অনন্য মাধ্যম। পবিত্র কুরআনেও রাতের এই ইবাদত সম্পর্কে নির্দেশনা এসেছে—
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا
‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় কর; এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।’ (সুরা বনি ইসরাইল: আয়াত ৭৯)
নিয়মিত তাহাজ্জুদ পড়ার অভ্যাসে মানুষের জীবনযাত্রায় নানা ইতিবাচক পরিবর্তন আসে। নিচে এমনই চারটি গুরুত্বপূর্ণ উপকার তুলে ধরা হলো—
১. জড়তা ও অলসতা কাটে
মাঝরাতের আরামদায়ক ঘুম ছেড়ে বিছানা ত্যাগ করা সহজ নয়। এর জন্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ, দৃঢ় ইচ্ছাশক্তি এবং নিয়মিত অভ্যাসের চর্চা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘুমের মায়া ত্যাগ করে নামাজে দাঁড়ান, তার জীবনে ধীরে ধীরে শৃঙ্খলা ও সময়ের সঠিক ব্যবহার গড়ে ওঠে। রাতের এই জাগরণ ভেতরের অলসতা দূর করে এবং দিনের কাজগুলোতেও বাড়তি কর্মস্পৃহা ও সজীবতা এনে দেয়।
২. আল্লাহর ভালোবাসা লাভের সহজ পথ
মহান আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম হলো নফল ইবাদত। এ বিষয়ে হাদিসে কুদসিতে বলা হয়েছে—
وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ
‘আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, একপর্যায়ে আমি তাকে ভালোবাসি।’ (সহিহ বুখারি: ৬৫০২)
তাহাজ্জুদ যেহেতু অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি নফল ইবাদত, তাই নিয়মিত তা আদায় করলে আল্লাহর সান্নিধ্য পাওয়া সহজতর হয়। তবে মনে রাখা উচিত, নফল ইবাদতের পাশাপাশি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ও অন্যান্য ফরজ বিধান যথাযথভাবে পালন করা অপরিহার্য।
৩. হাদিসে বর্ণিত বিশেষ প্রতিশ্রুতি পাওয়ার সুযোগ
রাতের শেষ তৃতীয়াংশ দোয়া কবুল হওয়া এবং ক্ষমা প্রার্থনার এক বিশেষ বরকতময় সময়। এই সময়ের আহ্বান সম্পর্কে সহিহ হাদিসে এসেছে—
مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ؟
‘কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব?’ (সহিহ বুখারি: ১১৪৫)
তাই এই মূল্যবান সময়কে কাজে লাগিয়ে নিজের পাপ ও ভুলত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়া, ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করা এবং বালা-মুসিবত থেকে হেফাজত চেয়ে দোয়া করা উচিত।
৪. নবীজির সুন্নত পালনের মর্যাদা
প্রিয়নবী (সা.) নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হজরত মুগিরা ইবনে শুবা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে—
إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ، فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا
নবী (সা.) রাত্রি জাগরণ করে নামাজ আদায় করতেন; এমনকি তার উভয় পা অথবা পায়ের গোছা ফুলে যেত। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, ‘আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না?’ (সহিহ বুখারি: ১১৩০)
নিয়মিত তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে রাসুল (সা.)-এর এই প্রিয় সুন্নত জিন্দা করার ও অনুসরণের সুযোগ লাভ করা যায়।
সব মিলিয়ে তাহাজ্জুদ হলো এক প্রশান্তির আশ্রয়—যেখানে পার্থিব কোলাহল নেই, আছে কেবল বান্দা ও তার রবের একান্ত নিবিড় সংলাপ। রাতের আরামের সামান্য ত্যাগেই জীবনে নেমে আসতে পারে গভীর প্রশান্তি, শৃঙ্খলা ও বরকত। আজ থেকেই অল্প কয়েক রাকাত দিয়ে হলেও শুরু হতে পারে রাতের এই মহিমান্বিত আমল।
এইচ/এম