[email protected] শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুরআনে কৃত্রিম বুদ্ধিমত্তার উল্লেখ নেই কেন, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ১২:৫২ এএম

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশ মানুষের জীবনযাত্রা, চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে।

প্রযুক্তির এই অগ্রগতির সময়ে অনেকের প্রশ্ন, আধুনিক এআই প্রযুক্তির বিষয়ে পবিত্র কুরআনে সরাসরি কোনো আলোচনা নেই কেন? এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন ইসলামি বক্তা ডা. জাকির নায়েক।

 

প্রতিবেদনে বলা হয়, নিসা নামে আরবি ও কোরীয় ভাষার একজন অনুবাদক তার অবিশ্বাসী কর্মস্থলের ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষ থেকে প্রশ্নটি ডা. জাকির নায়েকের সামনে তুলে ধরেন। ওই ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতা এবং মানুষের সিদ্ধান্তে এর প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন। সন্তোষজনক ব্যাখ্যা পেলে ইসলাম গ্রহণের বিষয়টি বিবেচনা করবেন বলেও জানান তিনি।

 

জবাবে ডা. জাকির নায়েক বলেন, কুরআন মূলত বিজ্ঞানের পাঠ্যবই নয়; এটি আল্লাহর নিদর্শন ও মানুষের জন্য পথনির্দেশনার গ্রন্থ। বিজ্ঞানের প্রতিটি শাখা, চিকিৎসা, প্রকৌশল কিংবা গবেষণার সব বিষয় বিস্তারিতভাবে এতে তুলে ধরা হলে গ্রন্থটির পরিসর মানুষের পক্ষে আয়ত্ত করা কঠিন হয়ে পড়ত।

 

তিনি ব্যাখ্যা করেন, কুরআনের প্রধান উদ্দেশ্য হলো মানুষকে সৃষ্টিকর্তার পরিচয়, সৃষ্টিজগতের নিদর্শন এবং সঠিক জীবনপথ সম্পর্কে শিক্ষা দেওয়া। সময়ের সঙ্গে বৈজ্ঞানিক জ্ঞান ও গবেষণার পরিবর্তন ঘটলেও আল্লাহর বাণী অপরিবর্তিত থাকে বলে মন্তব্য করেন তিনি।

 

প্রযুক্তির প্রমাণ কতটা নির্ভরযোগ্য

আধুনিক প্রযুক্তির প্রেক্ষাপটে ইসলামী বিচারব্যবস্থার সাক্ষ্য ও প্রমাণসংক্রান্ত নীতির বিষয়টিও তুলে ধরেন জাকির নায়েক। তার মতে, ভিডিও ফুটেজ কিংবা সিসিটিভি রেকর্ডিং সব ক্ষেত্রে নির্ভুল প্রমাণ নাও হতে পারে। বিশেষ করে এআই ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরির মাধ্যমে কাউকে মিথ্যা ঘটনার সঙ্গে জড়ানো সম্ভব। তাই শুধু ভিডিও দেখে কোনো বিষয়কে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়।

 

তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কা থাকলেও সত্য যাচাই, নির্ভরযোগ্য সাক্ষ্য এবং ন্যায়বিচারের গুরুত্ব কখনো কমে যায় না।

 

এআই কি দাজ্জালের সঙ্গে সম্পর্কিত

কৃত্রিম বুদ্ধিমত্তাকে দাজ্জালের সঙ্গে তুলনা করার বিষয়েও নিজের মত তুলে ধরেন এই ইসলামি বক্তা। তিনি বলেন, হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল একজন মানুষ; কোনো রোবট, এআই কিংবা প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নয়। তাই নতুন প্রযুক্তিকে সরাসরি দাজ্জাল বা কিয়ামতের আলামত হিসেবে আখ্যা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

 

এআই ব্যবহারে মুমিনদের সতর্কতা

জাকির নায়েকের বক্তব্যে উঠে আসে, এআই মানুষের তৈরি একটি প্রযুক্তি, যার ভালো ও মন্দ—দুই ধরনের ব্যবহারই রয়েছে। শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় এর ইতিবাচক ভূমিকা থাকলেও প্রতারণা, ভুয়া তথ্য প্রচার এবং ডিপফেক তৈরির মতো অপব্যবহারের ঝুঁকিও রয়েছে।

 

এ পরিস্থিতিতে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা, সত্য যাচাই এবং প্রতারণা থেকে দূরে থাকার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা যেন ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করে, সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার বিষয়ে হাদিসে সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ রাখা ও পাঠ করার নির্দেশনার কথা উল্লেখ করা হয়। প্রযুক্তির পরিবর্তনশীল বাস্তবতার মধ্যেও কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণ, আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালীন জীবনের প্রস্তুতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর