[email protected] রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

যশোরে চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা, দর্শনার্থীদের ভিড়

যশোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ ৫:৩৩ পিএম

সংগৃহীত ছবি

যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে এবার প্রথমবারের মতো ১০১টি প্রতিমা স্থাপন করে দুর্গাপূজার বিশেষ আয়োজন করা হয়েছে।

প্রতিমা স্থাপনের কাজ শেষ হওয়ার পর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে দূরদূরান্ত থেকেও মানুষ আসছেন।

জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর যশোরের আটটি উপজেলায় মোট ৭৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা বেড়েছে ২৮টি। স্থায়ী ও অস্থায়ী মণ্ডপগুলোতে উৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চাঁচড়া বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মণ জানান, প্রতিবছর মন্দির প্রাঙ্গণে পূজা হলেও এবার ১০১টি প্রতিমা স্থাপন বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগমের বিষয়টি মাথায় রেখে প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১৫ সদস্যের একটি কমিটি আয়োজনের বিভিন্ন দিক তদারকি করছে।

চাঁচড়া সর্বজনীন মন্দিরের সভাপতি তাপস বিশ্বাস বলেন, এলাকায় এবারই প্রথম এত বড় পরিসরে প্রতিমা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

পূজার পুরোহিত ও বাদক দল চূড়ান্ত করার পাশাপাশি দৃষ্টিনন্দন প্রবেশতোরণ এবং মূল মঞ্চ তৈরির কাজও সম্পন্ন করা হয়েছে। প্রতিমা স্থাপনের পর চলছে শেষ মুহূর্তের পরিচর্যা।

১০১টি প্রতিমা নির্মাণ ও স্থাপনের দায়িত্ব পালন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্ডুটিয়া এলাকার কারিগর আকাশ মণ্ডল।

তাঁর সঙ্গে কাজ করেছেন সূর্য মণ্ডল, আভরাম মণ্ডল ও দ্বীপ মণ্ডল। আকাশ মণ্ডল জানান, ২০১৪ সাল থেকে তিনি দেবী প্রতিমা তৈরির কাজ করছেন।

এদিকে জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, পূজার সময় ভক্ত ও দর্শনার্থীরা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর