মদিনায় পৌঁছে রাসুলুল্লাহ (সা.) মানবকল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ
আমলের দিকনির্দেশনা প্রদান করেন। হজরত আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.)-এর প্রথম উপদেশ ছিল—ক্ষুধার্তকে অন্নদান করা, সালামের ব্যাপক প্রচার ঘটানো, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রাখা এবং মানুষের ঘুমের সময় রাতে একাগ্রচিত্তে নামাজ আদায় করা। এই সহজ ও প্রভাবশালীদের আমলগুলোর মাধ্যমে শান্তির সঙ্গে জান্নাত লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রাসুলুল্লাহ (সা.) নিজের জীবনে তা বাস্তবায়নের মাধ্যমে নৈতিকতা ও আস্থার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সমাজে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা প্রাথমিক পূর্বশর্ত। পাশাপাশি সালামের বিনিময় মানুষের হিংসা-বিদ্বেষ দূর করে পারস্পরিক সৌহার্দ্য ও আল্লাহর রহমত বৃদ্ধি করে।
পারিবারিক ও সামাজিক ভিত্তি মজবুত রাখতে দূর-দূরান্তের আত্মীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সুসম্পর্ক রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সবশেষে, রাতের নিভৃত প্রার্থনায় আল্লাহর সঙ্গে যে গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, তা মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতা পালনে মুমিনদের অসীম মানসিক শক্তি জোগায়।
এসআর