[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোথায় কখন ঈদের জামাত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ৪:৫৭ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়।

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে আয়োজিত এ জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।


ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।


শোলাকিয়া ও দিনাজপুরে বড় জামাত
দেশের ঐতিহ্যবাহী বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ।


দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানেও সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। আয়োজকদের দাবি, বিশাল এ ময়দানে কয়েক লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
ঈদের দিনের আবহাওয়া-
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বিভাগভিত্তিক জামাতের সময়সূচি
ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত হবে। এছাড়া বিভিন্ন হল মসজিদ ও খেলার মাঠেও পৃথক জামাতের আয়োজন রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়।


চট্টগ্রাম
চট্টগ্রামের প্রধান ঈদ জামাত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল ৮টায়। জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে জামাত হবে সকাল সাড়ে ৮টায়।


রাজশাহী
রাজশাহীর কেন্দ্রীয় ঈদ জামাত হবে হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়। আবহাওয়া খারাপ হলে দরগাহ জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।


খুলনা
খুলনার প্রধান জামাত সার্কিট হাউজ মাঠে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ায় টাউন জামে মসজিদে বিকল্প জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।


বরিশাল
বরিশালের কেন্দ্রীয় ঈদ জামাত হবে হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। চরমোনাই দরবার শরীফ ও গুঠিয়া বায়তুল আমান মসজিদেও একই সময়ে বড় জামাত অনুষ্ঠিত হবে।


সিলেট
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নগরীর বিভিন্ন মসজিদেও একাধিক জামাতের আয়োজন রাখা হয়েছে।


রংপুর
রংপুরে কালেক্টরেট ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত হবে। বিকল্পভাবে জেলা মডেল মসজিদেও একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।


ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায়। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

এসআর

সম্পর্কিত খবর