শিশুর নিউমোনিয়া একটি মারাত্মক ফুসফুসের সংক্রমণ, যা সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসের
আক্রমণের কারণে হয়ে থাকে। সময়মতো সঠিক চিকিৎসা না করালে এটি শিশুর জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
নিউমোনিয়ার লক্ষণগুলো হলো—
প্রতি মিনিটে স্বাভাবিকের চেয়ে দ্রুত শ্বাস নেওয়া (যেমন— দুই থেকে বারো মাস বয়সি শিশুদের ক্ষেত্রে মিনিটে ৫০ বারের বেশি এবং এক থেকে পাঁচ বছর বয়সিদের ক্ষেত্রে মিনিটে ৪০ বারের বেশি)।
শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া।
মাঝারি থেকে তীব্র জ্বর থাকা, যা কখনো কখনো খুব বেশি হতে পারে।
ভেজা বা কফযুক্ত দীর্ঘস্থায়ী কাশি।
শিশু মায়ের দুধ বা অন্য কোনো খাবার খেতে না চাওয়া।
শিশু অতিরিক্ত কান্নাকাটি করা, নিস্তেজ হয়ে পড়া কিংবা ঠিকমতো ঘুমাতে না পারা।
শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে ঠোঁট, জিহ্বা কিংবা নখ নীল হয়ে যাওয়া।
নিউমোনিয়া প্রতিরোধে করণীয়:
শিশুকে সঠিক সময়ে পিসিভি বা নিউমোকোকাল ভ্যাকসিনসহ নির্ধারিত সব টিকা দিতে হবে।
জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে কেবল মায়ের দুধ খাওয়াতে নিশ্চিত করতে হবে।
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং শিশুকে ধুলাবালি, সিগারেটের ধোঁয়া ও বায়ুদূষণ থেকে দূরে রাখতে হবে।
সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তি বা অন্য শিশু থেকে দূরে রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
শিশুর নিউমোনিয়া সন্দেহ হলে কোনোভাবেই অবহেলা না করে দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। এটি ব্যাকটেরিয়াজনিত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় অ্যান্টিবায়োটিক (যেমন— অ্যামোক্সিসিলিন) সম্পূর্ণ কোর্স খাওয়াতে হবে, মাঝপথে ওষুধ বন্ধ করা যাবে না। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে বা শ্বাসকষ্ট বাড়লে হাসপাতালে রেখে অক্সিজেন দিতে হবে। পাশাপাশি পানিশূন্যতা রোধ করতে শিশুকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ বা তরল খাবার খাওয়াতে হবে।
এইচ/এম