সাধারণভাবে সুস্থ থাকতে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমের প্রয়োজন হলেও,
সবার ক্ষেত্রে এই নিয়ম সমান নয়। কিছু মানুষ মাত্র পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমিয়েও সারাদিন ক্লান্তিহীনভাবে স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারেন। বিজ্ঞানীদের মতে, এর পেছনে কাজ করে বিশেষ কিছু জিনগত বৈশিষ্ট্য।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডোর ইমিউনোলজির অধ্যাপক অ্যামি পিউ বার্নার্ড এমনই একজন বিরল ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে কম ঘুমিয়েও স্বাভাবিক কর্মক্ষমতা ধরে রেখেছেন। রাত ১০টায় ঘুমাতে গিয়ে তিনি ভোর সাড়ে ৪টার মধ্যেই জেগে ওঠেন। এরপর ব্যায়াম ও হাঁটাহাঁটিসহ ব্যস্ত রুটিন বজায় রাখেন তিনি। তার বাবা ও ভাইয়ের মধ্যেও এই প্রবণতা রয়েছে। রক্ত পরীক্ষার পর গবেষকরা জানতে পারেন, তার শরীরে এমন একটি বিরল জিনগত পরিবর্তন রয়েছে যা কম ঘুমানোর সক্ষমতার সঙ্গে সম্পর্কিত।
কম ঘুমের পেছনে বংশগত বৈশিষ্ট্য
বিজ্ঞানীরা এই বিশেষ বৈশিষ্ট্যকে ‘ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ’ বা এফএনএসএস (FNSS) নামে অভিহিত করেছেন। এই বৈশিষ্ট্যধারীরা নির্দিষ্ট সময়ে ঘুমালেও অন্যদের তুলনায় অনেক আগে জেগে ওঠেন এবং তাদের দৈনিক ঘুম চার থেকে সাড়ে ছয় ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে।
আণবিক জীববিজ্ঞানী ইং-হুই ফুর নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, এসব মানুষ কম ঘুমিয়েও স্বাভাবিক শারীরিক ও মানসিক কর্মক্ষমতা বজায় রাখতে পারেন। প্রাথমিক গবেষণায় জানা যায়, কিছু জিনগত পরিবর্তন ঘুমের সময় কমানোর পাশাপাশি অপর্যাপ্ত ঘুমের ক্ষতিকর প্রভাব থেকেও শরীরকে সুরক্ষা দিতে পারে।
স্মৃতিশক্তি ও মস্তিষ্কের সুরক্ষায় প্রভাব
এফএনএসএস নিয়ে গবেষণায় মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে আশাব্যঞ্জক তথ্য মিলেছে। ২০১৯ সালে ইঁদুরের ওপর চালানো এক গবেষণায় দেখা যায়, কম ঘুমানোর পরও জিনগত পরিবর্তন থাকা ইঁদুরগুলোর স্মৃতিশক্তি ভালো ছিল এবং এই বৈশিষ্ট্য আলঝেইমারসের মতো রোগের ঝুঁকি কমাতে পারে। এছাড়া ২০১৪ সালের এক পরীক্ষায় দেখা গেছে, কম ঘুমানোর জিন থাকা ব্যক্তি একটানা ৩৮ ঘণ্টা জাগিয়ে রাখার পরও অন্যদের তুলনায় বেশি মনোযোগ ও কর্মক্ষমতা বজায় রাখতে পেরেছিলেন, যার গভীর বা নন-আরইএম (Non-REM) ঘুমের পরিমাণও প্রায় অপরিবর্তিত ছিল।
নতুন ওষুধ তৈরির সম্ভাবনা ও সতর্কতা
প্রাকৃতিকভাবে কম ঘুমানোর জিনগুলো কীভাবে কাজ করে তা জানা গেলে ভবিষ্যতে ঘুমসংক্রান্ত সমস্যার চিকিৎসায় নতুন ওষুধ তৈরি এবং সামরিক বাহিনীর সদস্যদের কম ঘুমিতে কর্মক্ষম রাখার গবেষণায় তা সহায়ক হতে পারে। তবে গবেষক ইং-হুই ফুর মতে, যথাযথ জ্ঞান ছাড়া এই প্রক্রিয়া কাজে লাগিয়ে ওষুধ তৈরি করা হলে দীর্ঘ মেয়াদে আলঝেইমারস, পারকিনসনস বা ক্যানসারের মতো রোগের ঝুঁকি তৈরি হতে পারে।
ঘুমের সময় নির্ধারণে জিনের প্রভাব
শুধু বিরল জিনগত পরিবর্তন নয়, মানুষের স্বাভাবিক ঘুমের সময় নির্ধারণেও অসংখ্য সাধারণ জিনের ভূমিকা রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, ব্যক্তিভেদে ঘুমের সময়ের পার্থক্যের ৩০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত জিনগত কারণে হতে পারে। প্রায় সাড়ে ৬ লাখ মানুষের ওপর চালিত সাম্প্রতিক এক গবেষণায় ২৪৪টি জিনগত অঞ্চল চিহ্নিত হয়েছে, যা ঘুমের সময়ের ওপর প্রভাব ফেলতে পারে।
কম ঘুমানোর জিনগত প্রবণতা কি সব সময় উপকারী?
এই প্রবণতা সব সময় ভালো ফল বয়ে আনে না। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক চিয়ারা পেত্রোসেলিনির গবেষণায় দেখা গেছে, যাদের মধ্যে কম ঘুমানোর প্রবণতা বেশি, প্রসবোত্তর মানসিক স্বাস্থ্য বা সাইকোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তাদের ক্ষেত্রে কম। তবে ইসাবেল অস্টিন-জিমারম্যানের গবেষণায় দেখা গেছে, সাধারণভাবে কম ঘুমানোর জিনগত বৈশিষ্ট্য অনিদ্রা, ক্লান্তি, এডিএইচডি, বিষণ্নতার উপসর্গ এবং টাইপ-২ ডায়াবেটিসের মতো স্বাস্থ্যঝুঁকির সঙ্গেও যুক্ত।
গবেষকদের মতে, মানুষের ঘুমের প্রয়োজনীয়তা জিনগত বৈশিষ্ট্যসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। কেউ পাঁচ ঘণ্টা ঘুমিয়ে সতেজ থাকেন মানেই সবার জন্য কম ঘুমানো উপকারী নয়। প্রকৃতগতভাবে কম ঘুমানোর সক্ষমতা একটি বিরল ব্যতিক্রম, তাই অভ্যাসের বশে ঘুমের সময় কমিয়ে ফেলার আগে এটি সচেতনভাবে বিবেচনা করা উচিত।
এইচ/এম