শীতকালে বাজারে হরেক রকমের সবজির সমাহার দেখা যায়। এ সময় বাঁধাকপি, ফুলকপির
মতো সবজির কদর ও স্বাদ অনেকটাই বেড়ে যায়। তবে এসব শাকসবজির ভেতরে অনেক সময় খালি চোখে দেখা যায় না এমন নানা ধরনের পোকামাকড় লুকিয়ে থাকে। তাই বাজার থেকে আনা সবজি রান্নার আগে সঠিকভাবে পরিষ্কার করে নেওয়া অত্যন্ত জরুরি। ঘরোয়া কিছু সহজ উপায়েই শাকসবজির ভেতরে লুকিয়ে থাকা পোকা ও ময়লা দূর করা সম্ভব:
১. গরম পানি ও লবণ
শাকসবজি পরিষ্কার করার এটি একটি পরীক্ষিত পদ্ধতি। বাজার থেকে এনে সবজি ভালো করে বেছে ও কেটে নেওয়ার পর একটি বড় পাত্রে হালকা গরম পানি নিন। এরপর এতে দুই থেকে তিন চামচ লবণ মিশিয়ে কাটা সবজিগুলো ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন। গরম পানি ও লবণের সংস্পর্শে আসা মাত্রই সবজির ভেতরে থাকা পোকারা বেরিয়ে পানির ওপরে ভেসে উঠবে।
২. হলুদ গোলা পানি
শাকসবজি থেকে পোকা তাড়াতে হলুদ পানি অত্যন্ত কার্যকর। হলুদের মধ্যে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শুধু পোকামাকড়ই দূর করে না, বরং এর গায়ে লেগে থাকা ক্ষতিকারক রাসায়নিক ও মাটিও পুরোপুরি পরিষ্কার করে ফেলে। লবণ পানিতে ধোয়ার পর একটি পরিষ্কার পাত্রে পরিমাণমতো পানিতে আধা চামচ হলুদ মিশিয়ে তাতে সবজিগুলো চুবিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন।
৩. পরিষ্কার আলোতে সবজি বাছাই
বাঁধাকপি, ফুলকপি কিংবা শাকসবজি কাটার জন্য এমন একটি স্থান বেছে নিন যেখানে পর্যাপ্ত ও পরিষ্কার আলো থাকে। ভালো করে দেখে ও বেছে তবেই সবজি রান্না করা উচিত।
৪. গরম পানিতে ভাপ দেওয়া
রান্না করার আগে বাঁধাকপি কিংবা ফুলকপির মতো শীতকালীন সবজিগুলো সামান্য গরম পানিতে একটু ভাপ (ব্লাঞ্চ) করে নেওয়া ভালো। তবে এ ক্ষেত্রে সবজি পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই।
৫. চলমান পানিতে ধোয়া
সবজি কেটে, লবণ ও হলুদ পানি দিয়ে ধোয়ার পর সর্বশেষ ধাপ হিসেবে কলের নিচে রেখে তা চলমান বা সরাসরি প্রবাহমান পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। পানির এই সরাসরি স্রোতে সবজির গায়ে লেগে থাকা অবশিষ্ট ময়লা কিংবা ছোটখাটো পোকামাকড়ও সম্পূর্ণ দূর হয়ে যাবে।
এইচ/এম