[email protected] শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা গ্রহণ করতে চাই না: মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ৭:৪৯ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল ক্ষমতার পরিবর্তন বা নেতৃত্বের রদবদল নয়, বরং নীতির

 মৌলিক পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয়, বরং ইসলামের মূল আদর্শ ও শরিয়াহর বাস্তবায়ন। আদর্শ বিসর্জন দিয়ে দল ক্ষমতা গ্রহণ করতে চায় না।

​শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘৬ষ্ঠ নগর যুব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন নগর সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

​আদর্শ ও সফলতার মাপকাঠি

প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই বলেন, নির্বাচনে কেবল ভোট বেশি বা কম পাওয়াকে সফলতার মাপকাঠি হিসেবে দেখা ঠিক নয়। প্রকৃত সফলতা নির্ভর করে দলীয় আদর্শ কতটা বাস্তবে রূপ পাচ্ছে তার ওপর। আমাদের তৈরি করা আদর্শিক ভিত্তির ওপর দাঁড়িয়ে যেন পরবর্তী প্রজন্ম দেশকে আরও এগিয়ে নিতে পারে, সেই গতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

​জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে অবস্থান

বক্তব্যে তিনি জাতীয় জীবন ও দেশের স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয়ে ক্ষোভ ও দাবি তুলে ধরেন:

​নীতি ও আইন: ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের যেকোনো উদ্যোগ দেশের সর্বস্তরের মুসলমানরা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন।

​আইন-শৃঙ্খলা ও মূল্যবৃদ্ধি: দেশের সকল সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর আইনি পদক্ষেপের তাগিদ দেন। একই সঙ্গে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে ইতিবাচক পরিবর্তনের দাবি জানান।

​আন্তর্জাতিক চুক্তি ও দেশের স্বার্থ: জাপানের সঙ্গে প্রস্তাবিত দ্বিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষা হচ্ছে এবং ভারতের স্বার্থ কতটুকু, তা দেশবাসীর সামনে স্পষ্ট করার জোর দাবি জানান। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

​শিক্ষা ও বিচারব্যবস্থা: মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে ধ্বংসের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সকল অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

​সম্মেলনের অন্যান্য বক্তা ও অতিথি

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান এবং আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দল মনোনীত মেয়র পদপ্রার্থী শেখ ফজলুল করিম মারুফ। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এমএইচ মোস্তফা।

​নতুন কমিটি ঘোষণা (২০২৭-২৮ সেশন)

সম্মেলনের শেষ পর্বে বিগত মেয়াদের কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

​নতুন কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন:

​সভাপতি: শওকত ওসমান

​সহ-সভাপতি: মোহাম্মদ রায়হান উদ্দিন মিনা

​সাধারণ সম্পাদক: কে এম নাসির উদ্দিন

এসআর

সম্পর্কিত খবর