[email protected] শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩

পূজামণ্ডপে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনা,আল্লাহর কাছে ক্ষমা চাইলেন নিজান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬ ৩:০০ এএম

সংগৃহীত ছবি

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় দেওয়া বক্তব্যের একটি অংশ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

একই সঙ্গে বক্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যারা ক্ষোভ প্রকাশ করেছেন, তাঁদের প্রতিও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে ব্যাখ্যা দেন হুইপ নিজান।

সেখানে তিনি বলেন, তাঁর বক্তব্যের যে অংশটি ধর্মীয়ভাবে বিতর্কের জন্ম দিয়েছে, সে জন্য তিনি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট সবার কাছেও দুঃখ প্রকাশ করেন।

রামগতি ও কমলনগরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ-তরুণী, বিরোধী দলের নেতা এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন বলে জানান নিজান।

তিনি বলেন, পবিত্র এই স্থানে মহান আল্লাহর কাছে নিজের ঈমান আরও দৃঢ় ও মজবুত করার প্রার্থনা করেছেন। একই সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার তৌফিক চেয়েছেন। এ জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

এর আগে, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন হুইপ নিজান।

ওই সময় বক্তব্যে তিনি বলেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি—কেউ আমার সাথে থাকুক আর না থাকুক। ভগবান আমাকে শক্তি ও সামর্থ্য দেন।’

বক্তব্যের এই অংশ প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে সমালোচনা ও অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতেই নিজের বক্তব্যের বিতর্কিত অংশ নিয়ে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর