জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরোনো স্বৈরশাসনের অবসান ঘটলেও দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা তৈরি হচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরও সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরেনি। গ্যাস ও বিদ্যুতের সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা জনজীবনকে কঠিন করে তুলেছে। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ওপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ নজর না দিয়ে সংবিধান সংশোধনের কাজে বেশি গুরুত্ব দিচ্ছেন।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে জনগণের সামনে যে প্রত্যাশা তুলে ধরা হয়েছিল, তা উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। একই সঙ্গে একতরফাভাবে গঠিত সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনি ইশতেহার, ৩১ দফা ও জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকতার পরিচয় দিচ্ছে না। দেশ পরিচালনায় সুস্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান দেশে ফিরতে পারেন—এমন আলোচনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার এ পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ অবস্থায় দেশের তরুণ সমাজ ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়েও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক। তার অভিযোগ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, পাহাড়ি অঞ্চলে অস্থিরতা এবং প্রতিবেশী দেশটিতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনা উদ্বেগজনক। এসব পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকারের কার্যকর ভূমিকা নেই বলেও মন্তব্য করেন তিনি।
জাপান সফরে গিয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে করিডর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। জনগণের স্বার্থবিরোধী কোনো করিডর মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে আলোচনার মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে সম্পন্ন করার দাবি জানান।
সমাবেশে তিনি জানান, ঢাকা মহানগরের আগামী নির্বাচনে এনসিপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের বিজয়ী করতে দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, জনগণের অধিকার ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।
এসআর