[email protected] শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬ ১১:২৯ পিএম

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

তার অবিলম্বে মুক্তি এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে দ্রুত মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে।

তার দাবি, আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি এবং এ-সংক্রান্ত অভিযোগ সত্য নয়। এ ঘটনাকে তিনি ‘মিথ্যা অভিযোগ’ হিসেবে উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানান।

জামায়াত আমির আরও দাবি করেন, বিমানবন্দরের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়টি ঘটনার পর প্রকাশ পেয়েছে এবং এ ঘটনায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার ভাষ্য, আখতারুজ্জামান মূলত যাত্রী হয়রানি, বিদেশ থেকে দেশে ফেরা বাংলাদেশিদের প্রতি অবহেলা এবং তাদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছিলেন।

তিনি আরও বলেন, আখতারুজ্জামানের বক্তব্য বা ভাষা নিয়ে আলোচনা হতে পারে; তবে তিনি যে বিষয়গুলোর প্রতিবাদ করেছেন, সেগুলোর ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা।

বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতির বিষয় আড়াল করতে যদি তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে এটি উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভুক্তভোগী জনগণ এমন পরিস্থিতি মেনে নেবে না বলেও দাবি করেন জামায়াত আমির।

এর আগে বৃহস্পতিবার সকালে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ওই ঘটনার পর জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি দেওয়া, গালিগালাজ এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে।

তবে এসব অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে।

এ ঘটনায় শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন।

পরে শুক্রবার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর