কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে তুলে নেওয়ার প্রায় চার ঘণ্টা পর ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রোববার গভীর রাতে চকরিয়া সদর থেকে কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লোটনি গ্রামের বাড়িতে ফিরছিলেন জিসান।
পথে কাকারা গারাপাড়া সড়কের মাথায় একটি মাইক্রোবাস তার পথরোধ করে। পরে তাকে জোর করে ওই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি।
ঘটনার খবর পাওয়ার পর পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে খুটাখালী ন্যাশনাল পার্কের পাশ থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাবা নাজেম উদ্দিন নাজু অভিযোগ করেন, তার ছেলেকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এসআর