স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শুরুতে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো আগামী ৬ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচন শুরুর ও শেষ হওয়ার নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
মীর শাহে আলম বলেন, রমজান, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়েই ইসি নির্বাচনের সময় নির্ধারণ করতে পারে। পাশাপাশি ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইসির দেওয়া সময়সীমা বিবেচনায় তার ধারণা, নির্বাচন আগামী বছর শুরু হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আরেকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন এবং নির্বাচন কমিশন নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।
সরকার চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করতে চায় বলেও জানান প্রতিমন্ত্রী। তবে নির্বাচন কখন শুরু হবে, সে সিদ্ধান্ত সরকার নেবে না বলে তিনি স্পষ্ট করেন।
পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে ইসির প্রাথমিক হিসাবে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা পরিষদ নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানান মীর শাহে আলম।
পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম অর্থের প্রয়োজন হবে জানিয়ে তিনি বলেন, সম্ভাব্য ব্যয়ের কাছাকাছি অর্থ বরাদ্দ দেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে। তবে চূড়ান্ত হিসাবের সঙ্গে প্রকৃত ব্যয়ের কিছুটা পার্থক্য হতে পারে।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না—জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের তারিখই এখনো নির্ধারিত হয়নি। তাই এ মুহূর্তে বিষয়টি নিয়ে মন্তব্য করা কঠিন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জয়ী হওয়ার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে—প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তথ্য উপদেষ্টাকেই প্রশ্ন করা হলে ভালো হতো। তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না।
মীর শাহে আলম আরও বলেন, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এবং আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীও মনোনয়ন পাননি।
ফলে প্রার্থীদের জন্য কোনো ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা বলার মতো সময় এখনো আসেনি। নির্বাচন অনুষ্ঠিত হলে তখন ভোটারদের প্রতিক্রিয়া বোঝা যাবে।
এসআর