[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের ফের ফাঁসি হতে পারে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫:৪৯ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে জামায়াত নেতাদের বিরুদ্ধে আগের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফলভাবে সম্পন্ন করা প্রয়োজন। তার অভিযোগ, সরকারের বিরুদ্ধে বিভিন্ন পক্ষকে মাঠে সক্রিয় করার চেষ্টা চলছে।

’৭১-এর ঘাতক ও ’২৪-এর পরাজিত শক্তি এক হয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

 

তিনি আরও বলেন, এবারই প্রথম জামায়াত সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং তারা ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভার কাজ সরকারের কর্মকাণ্ডে সহযোগিতা ও যৌক্তিক সমালোচনা করা হলেও জামায়াতের নেতৃত্বাধীন ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতায় নেমেছে বলে অভিযোগ করেন তিনি।

 

জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চের কর্মসূচি পালন করছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

 

তার দাবি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে জামায়াত বিভিন্নভাবে চেষ্টা করছে এবং দলটিকে ইন্ধন দিচ্ছে। তবে জামায়াতের আহ্বানে সাধারণ মানুষ আর রাজপথে নামবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

জামায়াত নেতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা হলে ভবিষ্যতে দলটির নেতারা আবারও জামায়াত নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। তাই এ বিষয়ে জামায়াত নেতৃত্বকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

 

এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খাঁন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এসআর

সম্পর্কিত খবর