বাংলাদেশের নাগরিকদের দেশত্যাগ ও দেশে ফেরার অধিকার সংবিধানেই নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা।
আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের যেকোনো সময় দেশের বাইরে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে যেকোনো সময় দেশে ফিরে আসার অধিকার রয়েছে।
সংবিধানে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ‘কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশের পর সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার। সরকার কী করবে বা করবে না, তা আমাদের কারও জানা নেই।’
এদিকে, সম্প্রতি জাতীয় সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন।
একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়।
এসআর