দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট নতুন নয়। শেখ হাসিনার সরকারের সময় থেকেই এ সমস্যা চলে আসছে।
ওই সময়ে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কারণে সংকট আরও জটিল হয়েছে। বর্তমানেও এর পুরোপুরি সমাধান হয়নি।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ নেওয়া হলে এসব সংকট মোকাবিলা করা আরও সহজ হতো।
স্থানীয় রাজনীতির প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সর্বশেষ নির্বাচনে সাতারকুলের মানুষ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছেন। ভবিষ্যতের নির্বাচনেও জনগণ তাদের সমর্থন করবে না বলে তিনি মন্তব্য করেন।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, সরকারি দলের মতো বিরোধী দল উন্নয়ন বরাদ্দ পায় না।
ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও নির্বাচনি এলাকার উন্নয়ন নিয়ে কাঙ্ক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য সমান বরাদ্দ নিশ্চিত করা উচিত বলেও মত দেন তিনি।
এসআর