[email protected] শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

রুমিন ফারহানার বক্তব্যে শেখ হাসিনার ছায়া দেখেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩৩ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ও আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের মধ্যে মিল রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

রাশেদ খান তার পোস্টে দাবি করেন, রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য তার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তার ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের এমপি থাকাকালে সংসদে আওয়ামী লীগের সমালোচনা করে রুমিন যে বক্তব্য দিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে তিনি সেসব বক্তব্যেরই কিছু অংশ বিএনপির বিরুদ্ধে ব্যবহার করছেন।

 

পোস্টে রাশেদ খান আরও অভিযোগ করেন, রুমিন ফারহানার বক্তব্যের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের মিল রয়েছে। এ কারণে ব্যঙ্গাত্মকভাবে তিনি রুমিন ফারহানাকে আওয়ামী লীগের ‘যোগ্য প্রতিনিধি’ হিসেবেও উল্লেখ করেন।

 

জামায়াতের আমির রুমিন ফারহানার বক্তব্যকে উৎসাহিত করেছেন উল্লেখ করে রাশেদ খান সংসদে জামায়াতের এমপিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের সময় জামায়াতের সংসদ সদস্যদের হট্টগোলের ঘটনাও স্মরণ করা প্রয়োজন।

 

এ ছাড়া জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনা করার সময় ওই সরকারের কৃষিমন্ত্রী হিসেবে মাওলানা মতিউর রহমান নিজামীর দায়িত্ব পালনের বিষয়টিও মনে রাখা উচিত।

 

রাশেদ খানের দাবি, বর্তমান সংসদে জামায়াতের কয়েকজন সংসদ সদস্য, হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানার বক্তব্যে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক বয়ানের প্রতিফলন দেখা যাচ্ছে।

 

পোস্টের শেষাংশে তিনি রুমিন ফারহানার অতীত বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন, জাতীয় নির্বাচনের আগে তিনি হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছিলেন, সেটিও কি ভুলে যাওয়া হয়েছে?

 

রাশেদ খানের এসব মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর