[email protected] রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

নেপালের বন্যায় ১২ দলীয় জোটের সমবেদনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ৮:১৮ পিএম

সংগৃহীত ছবি

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে ১২ দলীয় জোট।

একই সঙ্গে দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়েছে জোটটি।

 

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর খিলগাঁওয়ে জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ শোক ও সমবেদনা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জোটের প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

 

সভায় নেতারা বলেন, নেপালের সাম্প্রতিক বন্যায় সৃষ্ট মানবিক পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। তারা নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি সহমর্মিতা জানান। একই সঙ্গে বন্যায় নিহতদের জন্য মাগফিরাত এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন কামনা করেন।

 

নেপালের দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগিতা ও ত্রাণ পাঠানোর উদ্যোগকে স্বাগত জানান জোটের নেতারা। তারা বলেন, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশ ও নেপালের জনগণের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। এ সময় নেপালের মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

 

জরুরি সভায় আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের উদ্যোগে ‘জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। কর্মসূচি সফল করতে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভা শেষে বাংলাদেশ, দেশের জনগণ এবং নেপালের বন্যাদুর্গত মানুষের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টি বাংলাদেশের মহাসচিব আবুল কাসেম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাশার, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)-এর চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নানসহ জোটের বিভিন্ন দলের নেতারা।

এসআর

সম্পর্কিত খবর