নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, দায়িত্ব গ্রহণের ছয় মাস পার হলেও সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর উল্লেখযোগ্য কোনোটি বাস্তবায়ন করতে পারেনি।
মান্না বলেন, সরকারের ছয় মাস পার হয়েছে। এখন স্বাভাবিকভাবেই সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও সমালোচনা হবে। প্রশ্ন হচ্ছে, ছয় মাসের কথিত ‘হানিমুন পিরিয়ড’ কি ছয় বছর পর্যন্ত চলবে? একটি শিশু ছয় মাস বয়সে হামাগুড়ি দিয়ে চলতে শেখে। অথচ সরকার যদি ছয় মাসেও কার্যকরভাবে এগোতে না পারে, তাহলে পাঁচ বছর কীভাবে দায়িত্ব পালন করবে—এ প্রশ্নও তোলেন তিনি।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে দীর্ঘ সময়েও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। একের পর এক সংকট তৈরি হচ্ছে, কিন্তু তার কার্যকর সমাধান দেখা যাচ্ছে না।
গণঅভ্যুত্থানের পর দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে কি না—এমন প্রশ্ন তুলে মান্না বলেন, শুধু কথা বলার সুযোগ থাকলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলা যায় না। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার দাবি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ওপর রাজনৈতিক প্রভাব রয়েছে এবং কিছু প্রতিষ্ঠান এখনো নানা ধরনের চাপ ও শঙ্কার মধ্যে কাজ করছে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, উন্নয়ন বলতে শুধু বড় বড় ভবন, স্থাপনা বা অবকাঠামো নির্মাণ বোঝায় না।
মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য কমানোই উন্নয়নের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। একদিনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়, তবে এর বিরুদ্ধে কার্যকর উদ্যোগ শুরু করা যায়।
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখায় ২০৩১ সালের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছে।
কিন্তু দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কী অগ্রগতি হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা উচিত বলেও মন্তব্য করেন মান্না। তিনি বলেন, সংকট সমাধানে ব্যর্থ হলে জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতা কমতে থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও আইনশৃঙ্খলা—বিভিন্ন ক্ষেত্রেই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পাশাপাশি নারী নিরাপত্তা এবং সামাজিক পরিবেশ নিয়েও সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগে বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের প্রস্তাব দেন মান্না। তার মতে, বিকল্প জ্বালানি ব্যবস্থায় বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সংকট কমানো সম্ভব।
একই সঙ্গে দুর্নীতি ও ঘুষ বন্ধের ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণের অর্থনৈতিক কষ্টের সময়ে সরকারি ব্যবস্থার সর্বস্তরে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা জরুরি।
মানুষের জীবনযাত্রার ব্যয় যখন বাড়ছে, তখন দুর্নীতির সুযোগ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভায় বৃহত্তর মিরপুর এলাকায় নাগরিক ঐক্যের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করেন মান্না।
তিনি বলেন, দেশকে নতুনভাবে এগিয়ে নিতে নতুন চিন্তা, নেতৃত্ব ও রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজন। নাগরিক ঐক্য সেই লক্ষ্যেই কাজ করবে।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের নেতা সৈয়দ আজিজুল হক খসরু। এতে দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দিপু ও দেলোয়ার হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, অর্থ সম্পাদক শাহনাজ হক রানু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এসআর