জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম
অভিযোগ করেছেন যে, বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দলীয় ক্লাবে পরিণত করেছে। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের সার্বিক ব্যর্থতা তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বিগত ৬ মাসে দেশের ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১১টি সিটি করপোরেশন এবং ৬৩টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক পদে বসানো হয়েছে। তার দাবি, মনোনয়ন বঞ্চিত এবং নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করছে বিএনপি।
সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি ও অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেয় এবং তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়ানো হয়। এর প্রভাবে গণপরিবহন, সেচ ও সারসহ নানা খাতে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। বর্তমানে গ্যাসে ৪৩ শতাংশ ঘাটতি থাকায় বাসাবাড়িতে চুলা জ্বলছে না এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
বিদ্যুৎ খাত সম্পর্কে তিনি বলেন, ক্ষমতায় আসার পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করলেও মাত্র দুই মাসের মাথায় তা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি লোডশেডিং, ভূতুড়ে বিল ও ক্যাপাসিটি চার্জের বাড়তি বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় কমিটির সুপারিশ না মেনে বর্তমানে যেকোনো ব্যর্থতায় পূর্ববর্তী সরকারের ওপর দায় চাপানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষাঙ্গন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, কৃষক চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছে এবং স্বাস্থ্যখাতের সংকট এখনও দূর হয়নি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিরোধী মতাদর্শের ওপর হামলা হলেও কোনো বিচার পায়নি ভুক্তভোগীরা। এছাড়া গত ৬ মাসে ঘটে যাওয়া ৮৩০টি রাজনৈতিক সহিংসতার মধ্যে ৬৭০টির জন্যই তিনি বিএনপিকে দায়ী করেন এবং এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার গণভোটের রায় প্রত্যাখান করে জনগণের সাথে প্রতারণা করেছে।
এসআর