[email protected] বুধবার, ৫ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৬ ৬:৩৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিটকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে একাধিক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজেও দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়।

কিছু সময় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেল সাড়ে ৪টার দিকে আবারও দুই পক্ষ মুখোমুখি অবস্থানে যায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সকাল থেকেই আলিয়া মাদ্রাসা শাখার ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। হলের সিট নিয়ে বিরোধের জের ধরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হলের সিট দখলের প্রতিবাদ করায় তাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে ছাত্রশিবির এবং আলিয়া মাদ্রাসার ঘটনাও তারই অংশ।

এদিকে একই দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে, একই সময়ে ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর