হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে দলটির শীর্ষ নেতাদের বহরে হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কয়েকজন নেতাকর্মী ও মিডিয়া টিমের সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে।
তার দাবি, হামলাকারীরা কয়েকটি মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে যায় এবং সার্কিট হাউসের ভেতরে থাকা দলের মিডিয়া টিমের মাইক্রোবাসেও ভাঙচুর চালানো হয়।
আসিফ মাহমুদ এ ঘটনাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত রাজনৈতিক সহিংসতার একটি উদ্বেগজনক উদাহরণ বলে উল্লেখ করেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে তাদের গাড়িবহরের ওপর অতর্কিত হামলা হয়।
তার অভিযোগ, স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলায় জড়িত ছিলেন। তবে এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দলের দাবি অনুযায়ী, বহরের সামনে থাকা মিডিয়া টিমের গাড়িটি প্রথমে হামলার শিকার হয়।
এতে ভিডিওগ্রাফার ইউসুফ আহমেদ, মিডিয়া সেলের সদস্য মোজো আরাফাত সানি, চালক আসলাম হোসাইন, কনটেন্ট ক্রিয়েটর মোশারফ এবং ভিডিও এডিটর শাহরিয়ার আহত হন।
কনটেন্ট ক্রিয়েটর মোশারফের অভিযোগ, সার্কিট হাউস এলাকায় ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী হামলা চালায় এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
এনসিপির দাবি, হামলায় দুটি ক্যামেরা সেটআপ, একটি ল্যাপটপ, একটি ম্যাকবুক, দুটি মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তাদের মিডিয়া টিমের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এসআর