সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান।
আবেদনে তিনি এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগসহ বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আবেদনে ওবায়দুর রহমান উল্লেখ করেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর উত্তর কালশী এলাকার একটি বাসায় অবস্থানকালে তার ওপর হামলার ঘটনা ঘটে।
তার অভিযোগ, পুলিশের সাবেক এক এসআইসহ তিন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাকে আক্রমণ করেন।
পরে পরিবারের সদস্যদের সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে যান।
ওবায়দুর রহমানের দাবি, হামলার পেছনে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নির্দেশনা ছিল।
দীর্ঘদিন তার সঙ্গে কাজ করার কারণে এমপির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবগত ছিলেন বলেও আবেদনে উল্লেখ করেন।
পাশাপাশি জমি দখল, বালুমহাল নিয়ন্ত্রণ, ঘুষ গ্রহণ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তিনি উত্থাপন করেন।
এসব বিষয়ে তার কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
লিখিত আবেদনে আরও বলা হয়, এসব তথ্য প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তাকে হত্যার চেষ্টা করা হতে পারে বলে তিনি মনে করছেন।
বর্তমানে আত্মগোপনে থাকার কথা জানিয়ে ওবায়দুর রহমান অভিযোগ করেন, তিনি নিয়মিত হুমকির মুখে রয়েছেন। তাই নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে কিছু ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়। এরই মধ্যে তার সাবেক ব্যক্তিগত সহকারীর এই লিখিত অভিযোগ নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে।
উল্লেখ্য, ওবায়দুর রহমানের অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এসআর