[email protected] বুধবার, ৫ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

জকসু ভিপি ও জিএসকে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল

জবি প্রতিনিধি

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৬ ২:৩৪ পিএম

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর জবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ভিপি রিয়াজুল ইসলামকে ক্যাম্পাস থেকে বাইরে নিয়ে যাচ্ছেন।

পরে তাকে একটি রিকশায় তুলে দেওয়া হয়।

একইভাবে জিএস আব্দুল আলিম আরিফকেও ক্যাম্পাস ত্যাগ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ ঘটনায় জড়িতরা ছাত্রদলের নেতাকর্মী ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন।


সংঘর্ষে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কয়েকজন নেতাকর্মী এবং জবি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান আহত হয়েছেন বলে জানা গেছে।


ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এসআর

সম্পর্কিত খবর