জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা
মিতু বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক অঙ্গনে নানা সমালোচনা ও কটূক্তি সত্ত্বেও জুলাইয়ের চেতনা ধরে রাখা এবং এর শহীদদের স্মরণ রাখা অত্যন্ত জরুরি।
শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মাহমুদা মিতু তাঁর বক্তব্যে আরও বলেন, সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। এ সময় তিনি দেশের সংবিধান সংস্কার, পুলিশ ও গুম কমিশন গঠনসহ বিভিন্ন প্রশাসনিক পরিবর্তনের ওপর জোর দেন। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নারীর সম্মান রক্ষা ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লড়াই চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সাইবার স্পেসে অপপ্রচার চালিয়ে এই সংগ্রামকে থামানো যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
এনসিপি ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আতাউল্লাহ, জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তারসহ স্থানীয় যুব ও ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
এসআর