[email protected] বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

নির্দোষ হয়েও আজ আমাকে অপরাধী হতে হয়েছে- আইভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ৪:৫০ পিএম

সংগৃহীত ছবি

পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে তিনি বলেন, "নির্দোষ হয়েও আমি আজ অপরাধীর আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি।

মঙ্গলবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি উপস্থিত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার অভিযোগে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন আটক থাকার পর গত ৩ জুন জামিনে মুক্তি পান তিনি। মুক্তির ৫৫ দিন পর আবারও আদালতে হাজিরা দিতে আসেন সাবেক এই সিটি মেয়র।

সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে আইভী বলেন, নারায়ণগঞ্জে হত্যা, নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।

কিন্তু আজ তাকেই অপরাধীর মতো আদালতে আসতে হচ্ছে। তিনি বলেন, শেষ পর্যন্ত আল্লাহ এবং নারায়ণগঞ্জের মানুষই সত্যের বিচার করবেন।

বক্তব্য শেষ করে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন এবং যে গাড়িতে এসেছিলেন, সেটিতেই করে দেওভোগের বাসভবনের উদ্দেশে রওনা হন।

এদিকে, সকাল থেকেই আদালত এলাকায় আইভীর সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এসআর

সম্পর্কিত খবর