দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির দাবি, তিনি পদত্যাগ না করলে তার সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় আবেদন করা হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে জানান, গাজী নজরুল বর্তমানে দলের কোনো সদস্য নন। তাই তাকে আর জামায়াতের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
এ বিষয়ে আইনগতভাবে যেসব পদক্ষেপ নেওয়া সম্ভব, সেগুলো গ্রহণের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি গাজী নজরুলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিতর্কের পর অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়।
তদন্ত শেষে দলের নির্বাহী পরিষদের বৈঠকে তার বিরুদ্ধে নৈতিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
একই বৈঠকে তাকে স্বেচ্ছায় এমপি পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে এ বিষয়ে তিনি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি বলে জানা গেছে।
দলীয় নেতাদের ভাষ্য, গাজী নজরুল পদত্যাগ না করলে বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তির চেষ্টা করা হবে।
এ কারণে স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে থাকা এক তরুণী তাকে নিজের স্বামী দাবি করেন। পরে বিয়ের তারিখ ও নিবন্ধন নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য সামনে আসায় বিষয়টি আরও আলোচনায় আসে।
এই ঘটনার পরই জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানায়।
এসআর