নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে বিএনপির ব্যয়ের পরিমাণ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রোববার (১৯ জুলাই) বিএনপির একটি প্রতিনিধিদল ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়।
পরে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তার দেওয়া তথ্য অনুযায়ী, বছরের শুরুতে দলের তহবিলে ছিল ২১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৩৫ টাকা।
২০২৫ সালে বিভিন্ন উৎস থেকে মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা।
একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।
ফলে বছরের শেষে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।
তিনি আরও জানান, বর্তমানে বিএনপির ব্যাংক হিসাবে জমা রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬৮০ টাকা।
এছাড়া নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলটির মোট অর্থের পরিমাণ ২৮ কোটি ৭ লাখ ৩৬০ টাকা।
রিজভীর ভাষ্য, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের কাছে জবাবদিহি বজায় রাখার অংশ হিসেবেই নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে।
গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর আর্থিক তথ্য প্রকাশ গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
তুলনামূলক হিসাবে দেখা যায়, ২০২৪ সালে বিএনপির মোট আয় ছিল ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় ছিল ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা।
এর আগে ২০২৩ সালে দলটির আয় হয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা, আর ব্যয়ের পরিমাণ ছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।
এসআর