[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ৬:২২ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণের সুযোগ বর্তমান আইনি কাঠামোয় নেই।

তার দেশে ফেরার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে আনুষ্ঠানিক সমন্বয় প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটরের ভাষ্য, শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে অবস্থান করছেন।

তাই ব্যক্তিগত উদ্যোগে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার সুযোগ নেই। যদি তিনি বাংলাদেশে ফেরেন, তাহলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।

এ ক্ষেত্রে ভারত সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি সম্পন্ন হওয়া প্রয়োজন বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে।

আগামী ২১ জুলাই ওই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও সহিংসতার অভিযোগে ট্রাইব্যুনালে চলমান গুরুত্বপূর্ণ ১০টি মামলার তদন্তও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এসব মামলার প্রতিবেদনও অল্প সময়ের মধ্যেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও তার সঙ্গে দেশে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দেন ৭৮ বছর বয়সী শেখ হাসিনা।

এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমে লিখিত বক্তব্য দিলেও সরাসরি সাক্ষাৎকারে অংশ নেননি।

এসআর

সম্পর্কিত খবর