[email protected] বৃহঃস্পতিবার, ৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩

ওসমান হাদিকে ঢাকা-৮ আসন থেকে সরতে বলেন জামায়াত আমিরের পিএস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৬ ৯:৪২ এএম

সংগৃহীত ছবি

জামায়াত আমিরের পিএস পরিচয়দানকারী ও বুয়েট শিবিরের সাবেক সভাপতি জুবায়ের নামের

 এক ব্যক্তি শহীদ ওসমান হাদিকে ঢাকা-৮ আসনে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করেছিলেন বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

​বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। একই সঙ্গে তদন্তের স্বার্থে জুবায়েরের পরিচয় ও বর্তমান অবস্থান উদ্ঘাটন করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।

​ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, জামায়াত আমিরের পিএস পরিচয়দানকারী ও বুয়েট শিবিরের সাবেক সভাপতি জুবায়ের শহীদ ওসমান হাদিকে ঢাকা-৮ আসনে নির্বাচন করতে নিষেধ করেন। সে সময় ওসমান হাদিকে বলা হয়েছিল, এই আসনে সাদিক কাইয়ুম নির্বাচন করবেন, তাই তিনি যেন অন্য কোনো আসন থেকে নির্বাচন করেন। তবে ওসমান হাদি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ৫০০ ভোট পেলেও তিনি ঢাকা-৮ আসনেই নির্বাচন করবেন। রাশেদ খানের দাবি, ওসমান হাদি হত্যাকাণ্ডের পর বিতর্ক এড়াতে জামায়াত পরবর্তীতে সাদিক কাইয়ুমকে আর মনোনয়ন দেয়নি।

​জুবায়েরের পরিচয় সম্পর্কে রাশেদ খান আরও উল্লেখ করেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী জুবায়ের আগে আমেরিকায় থাকতেন। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফিরে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন এবং জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

কিছুদিন আগে শহীদ ওসমান হাদির ভাইও জুবায়েরকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন। রাশেদ খান জানান, তিনি জুবায়েরকে সরাসরি সন্দেহের চোখে না দেখলেও তদন্তের স্বার্থেই প্রশাসনের তার সম্পর্কে জানা দরকার যে তিনি এখন দেশে আছেন নাকি আবারও আমেরিকায় চলে গেছেন। কে এই জুবায়ের, তা উদঘাটন করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর