[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ২:৩৩ পিএম

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

একই সঙ্গে তিনি জানান, দলটির বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচার প্রক্রিয়াও শিগগিরই শুরু হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটির ভবিষ্যৎ রাজনীতিতে ফেরার সুযোগ নেই।

তিনি আরও অভিযোগ করেন, দলটির কিছু পলাতক নেতা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের সময় বিভিন্ন পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, সে সময় নানা আলোচনা ও সমন্বয়ের মধ্য দিয়ে আন্দোলন সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।

দেশ পুনর্গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় জনগণকে ধৈর্য ধরতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি ‘জুলাই চেতনা’কে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রবণতার বিচার শেষ পর্যন্ত জনগণই করবে।

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এসআর

সম্পর্কিত খবর