প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট আদালতই গ্রহণ করবে।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।
আদালতের রায়ের আগে দলটি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
তবে বিচারাধীন অবস্থায় বিদ্যমান আইন অনুযায়ী তাদের রাজনৈতিক কার্যক্রম সীমিত থাকবে।
তিনি বলেন, যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের উদ্যোগ নেন, তাহলে তা আইন লঙ্ঘনের শামিল হতে পারে এবং প্রয়োজন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক দল প্রতীকী কর্মসূচি বা বক্তব্যের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছে।
তবে আইনশৃঙ্খলা ও বিচারিক প্রক্রিয়ার বিষয়গুলো রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই রয়েছে।
ডা. জাহেদ আরও বলেন, অতীত কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা রয়েছে। এসব বিষয়ে যথাযথ তদন্ত ও বিচার সম্পন্ন হওয়ার পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।
এসআর