[email protected] শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

মোহাম্মদপুরে লাগানোর দুই দিনের মাথায় চুরি সিসি ক্যামেরা: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ৫:০৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এলাকার নিরাপত্তা বাড়াতে ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও চোরদের হাত থেকে রক্ষা পায়নি।

শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোড এলাকায় আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় তিনি এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

ঢাকা-১৩ আসনের বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমস্যা, নিরাপত্তা পরিস্থিতি এবং নাগরিক সেবার বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে তিনি নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন।

তবে ক্যামেরা স্থাপনের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেটি চুরি হয়ে যায়, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে।

স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিরাপদ সমাজ গঠনে সাধারণ নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরে চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ বেড়েছে। এমনকি তার এক সহকর্মীও নিরাপত্তাজনিত কারণে হামলার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

অপরাধ দমনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথাও জানান ববি হাজ্জাজ।

তিনি বলেন, খুব শিগগিরই এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে, যা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এলাকায় পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দীর্ঘমেয়াদে অপরাধ নিয়ন্ত্রণে আরও আধুনিক ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

অপরাধীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

 

এসআর

সম্পর্কিত খবর