বরিশাল অঞ্চলের একটি বালু উত্তোলন প্রকল্পে হামলা, ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহ সভাপতির বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যাক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন সাগর বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রগুলোর দাবি, রোববার বিকেলে কয়েকজন ব্যক্তি একটি ড্রেজার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে ড্রেজারের কিছু পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি ড্রেজার পরিচালনা অব্যাহত রাখতে অর্থ দাবি করেন। তাদের দাবি পূরণ না হলে কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ড্রেজার প্রকল্পের শ্রমিকরা জানান, হামলার সময় তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং স্থাপনার বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি করা হয়।
তাদের দাবি, প্রয়োজনীয় অনুমতি নিয়েই তারা বালু উত্তোলনের কাজ পরিচালনা করছেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিনহাজ উদ্দিন সাগর সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
এ বিষয়ে বক্তব্য নিতে ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়টি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।
অন্যদিকে, সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ শান্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এসআর