[email protected] মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকার দুই প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচারের অভিযোগ আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর গুরুতর অভিযোগ তুলেছেন

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার বিকালে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে একটি বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

​আসিফ মাহমুদ স্পষ্ট জানান, সরকারি পদে বহাল থেকে দুই প্রশাসক আসন্ন মেয়র নির্বাচনের প্রচার চালাচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হলে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরীকে দূষিত করা হচ্ছে এবং আবাসিক এলাকা ও মেট্রো স্টেশনের মতো জায়গায় গরুর হাট বসিয়ে চরম অব্যবস্থাপনা সৃষ্টি করা হয়েছে, যা তাদের মেয়র পদের অযোগ্যতা প্রমাণ করে। এই নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

​আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে সাবেক এই উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, দলটির সব কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে তাদের মিছিল হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সরকারের উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকার নিজেই এই দলটিকে নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে। একটি নিষিদ্ধ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না। আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

এসআর

সম্পর্কিত খবর