[email protected] বুধবার, ৩ জুন ২০২৬
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সব রাজনৈতিক দলের মত প্রকাশের সুযোগ থাকা উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন ২০২৬ ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের কর্মসূচি পরিচালনা ও মতামত প্রকাশ করতে পারে।

জনগণই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে কোন দল তাদের আস্থা অর্জন করবে।


বুধবার (৩ জুন) বিকেলে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, কুমারপুরের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। দেশের স্বাধীনতা সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে এ অঞ্চলের মানুষের অবদান স্মরণীয় হয়ে থাকবে।


তিনি বলেন, অতীতে রাজনৈতিক অস্থিরতা ও দমন-পীড়নের কারণে অনেক নেতাকর্মী কঠিন সময় পার করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নির্বাচন ব্যবস্থা নিয়েও নানা প্রশ্ন তৈরি হয়েছিল।


সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে দলটিকে বিপুল সমর্থন দিয়েছে। তিনি দাবি করেন, দলের প্রতি জনগণের এই সমর্থন ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রেরণা হিসেবে কাজ করবে।


দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সহনশীলতা দেখিয়ে জনকল্যাণমূলক কাজে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

এসআর

সম্পর্কিত খবর