[email protected] রবিবার, ৩১ মে ২০২৬
১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রশাসক মোস্তাক বলেন

রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ মে ২০২৬ ১২:৫৫ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া দাবি করেছেন, জেলা পরিষদের তহবিল থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর উদ্যোগে মোট ২৫ কোটি টাকা বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বিষয়ে তিনি বৈষম্যবিরোধী রাজনীতির প্রসঙ্গও তুলে ধরেন।

শনিবার (৩০ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোস্তাক মিয়ার ভাষ্য অনুযায়ী, জেলা পরিষদের অর্থ থেকে আসিফ মাহমুদের সংশ্লিষ্ট এলাকায় ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহর এলাকার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

তিনি বলেন, যারা বৈষম্যহীন রাজনীতির কথা বলেন, তাদের কর্মকাণ্ডেও সেই নীতির প্রতিফলন থাকা প্রয়োজন।

এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তার মতে, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে কাজ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রশাসকের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, আলোচিত অর্থ জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে নয়; স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছিল।

তিনি জানান, দেবিদ্বার এলাকায় প্রায় ৫ কোটি টাকার উন্নয়ন কাজ বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বাস্তবায়নের জন্য বরাদ্দ করা হয়।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিশেষ বরাদ্দ ও জেলা পরিষদের রাজস্ব খাতের মধ্যে পার্থক্য রয়েছে।

প্রশাসকের বক্তব্যে সেই বিষয়টি সঠিকভাবে প্রতিফলিত হয়নি। তিনি দাবি করেন, বরাদ্দকৃত অর্থ কোনো ব্যক্তি গ্রহণ করেননি; বরং এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তা ব্যয় করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর