[email protected] মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩

ধানমন্ডিতে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ১০:১১ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা

 দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

​বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় জ্যেষ্ঠ কোনো সাংবাদিককে কথা বলার জন্য আহ্বান জানানো হয়। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হঠাৎ সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে সম্বোধন করেন। সাংবাদিকরা এই নামকরণের তীব্র প্রতিবাদ জানালে জামায়াত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও হন এবং আকস্মিক হামলা চালান। হামলায় সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান দুঃখ প্রকাশ করে একে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন যে, তাদের দলীয় কর্মসূচিতে বহিরাগতরা অনুপ্রবেশ করে এই বিশৃঙ্খলা ঘটিয়ে থাকতে পারে।

এসআর

সম্পর্কিত খবর