কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিহত করতে
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এই আওয়ামী লীগ বিরোধী মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, থানা কর্ম পরিষদের সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় ঘুরে আবারও একই এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালীন আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলা চালান জামায়াতের নেতাকর্মীরা। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এসআর