[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে শাহবাগে অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৬ ১২:০১ এএম

সংগৃহীত ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতার নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার রাত ১০টার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান নেন। এতে মোড়ের একটি অংশে যান চলাচল ব্যাহত হয়।

সংগঠনটির সূত্রে জানা যায়, ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সমাবেশে রূপ নেয় এবং পরবর্তীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এর আগে একই দিন বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ধারালো অস্ত্র ও অন্যান্য আঘাতে সাইফুল্লাহ বারী এবং তার সঙ্গে থাকা সালাউদ্দিন নামে আরেক ব্যক্তি আহত হন।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল্লাহ বারীকে মৃত ঘোষণা করেন।

আহত সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর